মতলবে মাদক ও চাঁদাবাজ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ : ড. জালাল উদ্দিন এমপি
- আপডেট সময় : ০৮:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭

মমিনুল ইসলাম:
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রথম কাজ হবে এলাকায় মাদক ও চাঁদাবাজদের নির্মূল করা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় নেতৃবৃন্দে সংবর্ধনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এমপি জালাল উদ্দিন বলেন, আমার প্রথম প্রতিশ্রুতি হলো, মতলবকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা। মাদক, চাঁদাবাজ ও সকল প্রকার অপরাধ থেকে এলাকাবাসীকে রক্ষা করাই আমার প্রাথমিক লক্ষ্য। এই কাজে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করব এবং জনগণের আস্থা ও সহযোগিতা পাব।
ড. জালাল উদ্দিন আরও বলেন, এ এলাকার মানুষ আমাকে যে আস্থা দিয়েছেন, আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। নিরাপদ সমাজ, উন্নয়ন ও শান্তির পরিবেশ নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ চালিয়ে যাব।
তিনি আরও বলেন, মতলববাসীর প্রতি তিনি চিরকৃতজ্ঞ। জনগণের ভালোবাসা ও আস্থাকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন এবং সেই আস্থার প্রতিদান দিতে সবার সহযোগিতায় একটি আধুনিক ও সুন্দর মতলব গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিনি মতলববাসীর কাছে যে ইশতেহার ঘোষণা করেছিলেন, সেটি বাস্তবায়ন করাই তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে তিনি কাজ করবেন বলে জানান।
নবনির্বাচিত সংসদ সদস্যের এই ঘোষণায় এলাকাবাসী গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ড. জালাল উদ্দিনের নেতৃত্বে মতলব একটি অপরাধমুক্ত ও স্বচ্ছল অঞ্চল হিসেবে গড়ে উঠবে।
উপজেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।


























