সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা অস্ত্র-গোলাবারুদসহ আটক
- আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৯

প্রতিদিনের নিউজ :
সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় ডাকাতদের অবস্থানের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে গত শুক্রবার,২০ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে চারটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫) কে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করত বলে জানিয়েছে।
কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে ডাকাত করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়েছে।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


























