চাঁদপুর-২ আসনে হাতি প্রতীকে নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন
নেতা নয়, জনগণের প্রতিনিধি হতে চাই : ফয়জন্নুর আখন
- আপডেট সময় : ০৯:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৯৫

ইসমাইল খান টিটু:
চাঁদপুর–২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফয়জন্নুর আখন বলেছেন, আমি নেতা হতে নয়, জনগণের প্রতিনিধি হতে এসেছি। রাজনীতি নয়, মানুষের সেবাই আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, আমি এই জেলার সর্বকনিষ্ঠ প্রার্থী। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই, নিজের রাজনৈতিক ভাগ্য গড়তে নয়।
রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে প্রধান নির্বাচনী প্রচারণার কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. ফয়জন্নুর আখন আরও বলেন, মতলবের মানুষ বিশৃঙ্খলা পছন্দ করে না। তারা শান্তিপ্রিয় এবং শান্তিতে বসবাস করতে চায়। ৫০০ টাকার বিনিময়ে যদি কাউকে ভোট দেন, তাহলে আগামী পাঁচ বছর তার পেছনে ঘুরতে হবে। কিন্তু আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের পেছনে ঘুরবো, আপনাদের সেবা করবো।
তিনি প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে বলেন, এ দেশে এক দল ক্ষমতায় এলে আরেক দল টিকে থাকতে পারে না এই ধারা বদলাতে চাই। রাজনীতির নামে বিভাজন নয়, ঐক্য গড়াই আমার অঙ্গীকার।
প্রধান নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।






















