চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম কৌতুহল
- আপডেট সময় : ০৫:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৯৭

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম কৌতুহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর উৎসুক জনতা উপজেলার ঐ বাড়িতে ভিড় জমাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের সুরের বাড়ির আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসত ঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নলকূপ স্থাপন করেন। স্থাপনের পর থেকেই নলকূপটি দিয়ে পানির সঙ্গে গ্যাসের তীব্র গন্ধ আসছিল। গন্ধে পানি পানের অনুপযোগী হয়ে পড়ায় বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। গত শুক্রবার পরীক্ষা করতে আব্দুল মতিন নলকূপের মুখে লাইটার জ্বালালে মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। এরপর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে শুরু করেন। গত সোমবার দুপুরে আব্দুল মতিন জানান, নলকূপটি বসানোর পর থেকেই পানির সঙ্গে অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম। পানি মুখে নেওয়া যাচ্ছিল না। পরে সন্দিহান হয়ে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করতেই দেখি আগুন জ্বলছে, বিষয়টি বেশ আতঙ্কজনক। ঐ স্থানে আসলে খনিজ গ্যাসের মজুত আছে কি-না বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এই বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক বিভাগ বা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় এলাকাবাসী এই ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।


























