সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে চলাচলের রাস্তা বন্ধ করে ভাঙ্গাড়ী চোরাই ব্যবসা, ভোগান্তিতে পথচারী
- আপডেট সময় : ০৯:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৫৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) এবং সরকারি খাস জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ ভাঙ্গাড়ীর দোকানসহ বিভিন্ন দোকান।
সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড সড়কের পূর্ব পাশের ওমরপুর বটতলা সংলগ্ন সরকারী জায়গা অবৈধভাবে ফুটপাত ও মূল সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছে সামছুল হক ও সাদ্দাম নামে ভাংগাড়ীর দুই দোকান। এতে ব্যাহত হচ্ছে চলাচল, যার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, এসব ভাঙ্গাড়ী দোকানে প্রকাশ্যেই বেচাকেনা হচ্ছে এলাকা থেকে সংগৃহীত বিভিন্ন চোরাই মালা-মাল।
সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের পাশে অস্থায়ী শেড তৈরি করে এই ভাঙ্গাড়ীর ব্যবসা চালানো হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, এলাকার বিভিন্ন বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবন থেকে চুরি হওয়া গ্রিল, তার, পাইপ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী রাতের আঁধারে এসব দোকানেই বিক্রি করা হয়। সড়কের একাংশ এসব ভাঙ্গাড়ী মালের দখলে থাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এসব অবৈধ স্থাপনা ও চোরাই মালের দোকানগুলো উচ্ছেদ করতে হবে। ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সাধারণ মানুষ।























