একদল তরুণের স্বপ্ন ‘হাদিয়া ফাউন্ডেশন’, মানবসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৩৮

চাঁদপুর প্রতিনিধি:
আত্মমানবতার সেবায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা ‘হাদিয়া ফাউন্ডেশন’ সমাজসেবামূলক নানা কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে।
সংগঠনটির উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও “ইফতার সামগ্রী বিতরণ ২০২৬” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছর পঞ্চমবারের মতো আয়োজিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে ইফতার সামগ্রী বিতরণ, ইফতার আয়োজন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে জুব্বা, পায়জামা ও টুপি বিতরণ করা হয়। এ সময় হাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
রমজানজুড়ে কয়েকটি ধাপে পরিচালিত হয় এ কর্মসূচি। প্রথম ধাপে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে গৃদকালিন্দিয়া বাজারে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
তৃতীয় ধাপে রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করা হয়। চতুর্থ ধাপে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করা হয়। সর্বশেষ পঞ্চম ধাপে ঈদ উপহার বিতরণের মাধ্যমে পুরো কর্মসূচির সমাপ্তি ঘটে।
হাদিয়া ফাউন্ডেশন প্রতি বছর রমজান মাসে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও সংগঠনটির অন্যতম নিয়মিত কার্যক্রম হিসেবে সারা দেশে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়।
সংগঠনটি অতীতেও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা, বন্যার সময় খাদ্য সহায়তা, স্বাবলম্বী করতে দোকানে পণ্য তুলে দেওয়া, বন্যা পরবর্তী পুনর্বাসনে ঘর নির্মাণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।
হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা দান-অনুদানের মাধ্যমে সংগঠনটির পাশে থেকে সহযোগিতা করেন, যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।


























