যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানি, ব্যয় প্রায় ১৪৩৮ কোটি টাকা
- আপডেট সময় : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪২

বাংলাদেশ সরকার স্পট মার্কেট থেকে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৩৮ কোটি টাকা। যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর থেকে এই এলএনজি আমদানি করা হবে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে এই এলএনজি কেনা হবে।
এলএনজি কার্গোগুলোর মধ্যে ৩৪তম কার্গোটি ২৩-২৪ জুলাই ২০২৬ এবং ৩৫তম কার্গোটি ২৬-২৭ জুলাই ২০২৬ সময়ের জন্য সরবরাহ করা হবে। সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রেইভেট লিমেটেড এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এলএনজি কেনা হবে।
সরকারের এই সিদ্ধান্ত দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে বিসিআইসি’র চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, বাঁশখালী ও বরিশালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
















