প্রতিদিনের বিনোদন:
চিত্রনায়িকা ববিকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যবসায়ীকে তার ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন এই অভিনেত্রী। এমনকি এসব ভুয়া তথ্যের কারণে তার পরিবারও চরম মানসিক চাপে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার,২২ জুন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন ববি। তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই। অথচ সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে তাকে ববির ‘স্বামী’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
ববি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে, এটা পুরোপুরি ভুয়া। শুরুতে বিষয়টি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। কারণ, আমি জানি অনেক সময় না জেনেই নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। কিন্তু আমার পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকেন। তারা এসব খবর দেখে খুব কষ্ট পেয়েছেন।
পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার মা এসব দেখে অসুস্থ হয়ে গেছেন। তাকে বারবার বোঝাতে হচ্ছে যে এগুলো ভুয়া খবর। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? পরিবার যখন অকারণে কষ্ট পায়, তখন বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না।’
তিনি সাংবাদিকতার নৈতিকতার বিষয়টিও তুলে ধরেন। ববির মতে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা হলে তা একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এই পেশার নৈতিকতা ভুলে যাচ্ছেন। কোনো তথ্য যাচাই না করে প্রকাশ করলে একজন মানুষের সম্মান ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ববি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সে আমার স্বামী-এটা কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে সে যা চাইবে, তা-ই দেব। কারণ, এমন কোনো সম্পর্ক কখনো ছিল না। এই দাবির পক্ষে কারও কাছে কোনো প্রমাণও নেই।
অভিনেত্রীর ভাষ্য, সংশ্লিষ্ট ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় ছিল শুধুই কাজের সূত্রে। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। কাজের প্রয়োজনেই পরিচয় হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে বা অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে ছবি তোলা হয়েছে। পরে সেই ছবিগুলো ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।
ববি আরও প্রশ্ন তোলেন, বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি স্বামী বলা হলো কেন? কার স্বার্থে এসব করা হচ্ছে? আমার ব্যক্তিজীবন নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। তাই হয়তো অন্য কোনো উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার হওয়া ওই ব্যবসায়ী তার একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজক ছিলেন। সেই সূত্র ধরেই হয়তো তার নাম ঘটনাটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তবে একজন শিল্পীর ব্যক্তিগত জীবন ও সম্মান নিয়ে এভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ব্যক্তিজীবনের প্রসঙ্গের পাশাপাশি আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও কথা বলেন ববি। তিনি জানান, শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে প্রায় এক দশক আগে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন এই চিত্রনায়িকা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না