প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ১০:২৩ পি.এম
মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে ক্রীড়াপ্রেমীরা, ঠিক সেই সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে স্থানীয় ফুটবলের অন্যতম আকর্ষণীয় আয়োজন মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-২। মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ঘনিয়ারপাড় কমপ্লেক্স মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ। এ সময় মাঠজুড়ে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) রহমতুল্লাহ, অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু। এছাড়া ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মতলব উত্তর স্পোর্টস ক্লাবের সভাপতি নাছির খান। সঞ্চালনা করেন ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের নুর নবী মোল্লা।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব ও নিশ্চিতপুর ফুটবল একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও প্রথমার্ধে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় উমা গোল করে দলকে এগিয়ে নেন।
বিরতির পরও মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে আবারও গোল করে ব্যক্তিগত জোড়া গোল পূর্ণ করেন উমা। তার অসাধারণ নৈপুণ্যে নির্ধারিত সময় শেষে নিশ্চিতপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব।
খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস মাঠের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানসহ মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও ব্যাপক দর্শক সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল
০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
____ কারিগরি সহযোগিতায় @ প্রতিদিনের নিউজ ডটকম____