মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা নদীর খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকায় চলমান নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীর তীররক্ষা বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে স্থানীয়দের উদ্বেগের বিষয়গুলোও তারা শোনেন।
পরিদর্শন দলে ছিলেন চাঁদপুর পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়ের, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সাহেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. জুবায়ের।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে ধনাগোদা নদীর ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙনের বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
পরিদর্শনকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সাহেদ বলেন, খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকার ভাঙন পরিস্থিতি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। নদীর গতিপ্রকৃতি ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় কারিগরি মূল্যায়নের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় জনগণের জানমাল ও স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, ভাঙনরোধে স্থায়ী সমাধানের পাশাপাশি জরুরি ভিত্তিতে কী ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায়, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না