প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য সরবরাহের ট্রাকের নিচে চাপা পড়ে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সন্ধা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানা উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একটি মোটরসাইকেলযোগে জালকুড়ি ঝুটপট্টি হয়ে যাওয়ার পথে একইমুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি রাস্তায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এসময় তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত মাসুম বিল্লাহ (২৭) পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি একটি কয়েল ফ্যাক্টরির মালিক এবং কাঁচা তরকারির ব্যবসা করতেন।
অপরদিকে নিহত আব্দুল কাদির চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে। বর্তমানে ফতুল্লার দেলপাড়া ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জড়িত ট্রাকটি পুলিশ আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না