প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৌরভ হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার,৫ জুন সকালে আদমজী ইপিজেডের বেপজা আবাসিক কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সৌরভ হোসেন নেত্রকোনা জেলার মদন উপজেলার আশুরপুর এলাকার মো. সাদ্দাম হোসেনের ছেলে।
সে আদমজী ইপিজেডের এম.ডব্লিউ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারসহ সে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজী ইপিজেডের বেপজা আবাসিক কোয়ার্টারের সি-১ ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে বসবাস করত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার শেষে সৌরভ নিজ কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার মা তাকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক ও এসআই শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
নিহতের বাবা মো. সাদ্দাম হোসেন আদমজী ইপিজেডে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার অন্যত্র বদলি হওয়ায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মরদেহের পা বিছানা ও মেঝেতে স্পর্শ করা অবস্থায় থাকায় স্থানীয়দের অনেকেই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নিহতের বাবা ঘটনাস্থলে পৌঁছানোর পর তার সিদ্ধান্তক্রমে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না