শিশু রামিসা হত্যার বিচার দাবিতে এনসিপি নেতা ইদ্রিস আলী
- আপডেট সময় : ১০:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৫৭

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
রাজধানীর পল্লবীতে মেধাবী শিশু শিক্ষার্থী রামিসার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের প্রকাশ্য ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও এনসিপির মতলব উত্তর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী।
এক বিবৃতিতে তিনি বলেন, একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতার মাধ্যমে ধ্বংস করে, তারা মানবতার শত্রু।
তিনি আরও বলেন, ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মো. ইদ্রিস আলী বলেন, যেভাবে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বর ও অমানবিক। আমরা অবিলম্বে এই ঘাতক দম্পতিকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যেন ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিশুকে এভাবে প্রাণ হারাতে না হয়।
তিনি সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিশু নির্যাতন ও হত্যার মতো ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি জোর দাবি জানান।
জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক হওয়ার পর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।



























