
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। আগামী ৬ মাসের জন্য গঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার মজুমদার।
বুধবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
শিক্ষাবোর্ডের আদেশে উল্লেখ করা হয়, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শাহজালাল এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে গোলাম রাব্বানী জিসান।
নবনিযুক্ত সভাপতি গোলাম সরওয়ার মজুমদার বলেন, ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না