
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এনসিপির মতলব উত্তর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলীর নাম।
গত রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণার পর থেকেই মতলব উত্তরজুড়ে এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন মো. ইদ্রিস আলী। তিনি উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামের বাসিন্দা ও আব্দুর রশিদ প্রধানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
প্রার্থী ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মো. ইদ্রিস আলী বলেন, জাতীয় নাগরিক পার্টি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। মতলব উত্তরকে একটি দুর্নীতি, বৈষম্য ও দলীয়করণমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, তরুণ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহার আগে আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলটির পক্ষ থেকে আগ্রহী ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের জন্য যোগাযোগ করার আহ্বানও জানানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না