সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করার প্রতিবাদে এবং সারা দেশের ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ-বাংলা পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়ার) সিদ্ধিরগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব সাইফুল ইসলাম, ইমারত হোসেনসহ বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক বিক্রয় প্রতিনিধি।
বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত তথ্য তুলে ধরার মাধ্যমে তারা রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান,বিশেষ করে ঢাকা মেডিকেল ও আইসিএমএইচসহ বিভিন্ন স্থানে প্রতিনিধিরা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা সরকারের কাছে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ মে সকালে দালালবিরোধী অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। এর প্রতিবাদেই ফারিয়ার সিদ্ধিরগঞ্জ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না