মোঃ রাছেল:
চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে এক রাতে দুই প্রবাসী ও এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামের 'কোন বাড়ি' (হিন্দু বাড়ি) নামক স্থানে এই ঘটনা ঘটে। একই রাতে তিনটি ঘরে চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে একটি সংঘবদ্ধ চোর চক্র প্রবাসী সোহেল (সঞ্জয়) সরকারের বসত ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘর থেকে প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন এবং নগদ টাকা লুটে নেয়।
একই রাতে চোর চক্র সঞ্জয় সরকারের ভাই ব্যবসায়ী বিজয় সরকারের ঘরে ঢুকে একটি মোবাইল ফোন চুরি করে। এছাড়া একই বাড়ির আরেক প্রবাসী রতন সরকারের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি।
ভুক্তভোগী শিউলি রানী সরকার (প্রবাসী সঞ্জয় সরকারের স্ত্রী) জানান, শেষ রাতে হঠাৎ আমার মেয়ে চিৎকার শুরু করলে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি ঘরের দরজা খোলা। আলমারি তল্লাশি করে দেখি সেখানে থাকা সাড়ে ৬ ভরি স্বর্ণ, দুটি মোবাইল এবং নগদ ১০ হাজার টাকা নেই। তবে ঘরের মেঝেতে চোরদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ পাওয়া গেছে, যার ভেতরে একটি জাতীয় পরিচয়পত্র (NID) রয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, চুরির এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ফেলে যাওয়া আলামত ও তদন্তের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না