প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুই মামলার একটিতে ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন ঘিরে হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে।
পরে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় ছয় মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। সেই জামিনও রাষ্ট্রপক্ষ আপিলে গেলে ৫ মার্চ চেম্বার আদালত তা স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এদিকে মোট ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইভী। গত ২৬ এপ্রিল রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি শেষে আগামী ৩ মে আদেশ দেওয়ার দিন নির্ধারণ রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না