মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মিথ্যা মামলা, হয়রানি ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর।
বৃহস্পতিবার সকালে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৌরসভার ঠাকুরচর গ্রামের আহাম্মদ উল্লাহ তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, আমি বাজার বণিক সমিতির সভাপতি ও একজন রাজনৈতিক কর্মী। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। আমাকে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সত্য নয়। কেউ যদি এসব অভিযোগ প্রমাণ করতে পারেন, আমি যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত।
আব্দুল মান্নান লস্কর দাবি করেন, আহাম্মদ উল্লাহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করিয়েছেন। তিনি বলেন, দলের বাইরে থাকা আমার জন্য কষ্টের। আমি দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি একাধিক মামলার আসামি হয়েছেন এবং কয়েকবার কারাভোগ করেছেন। গত ১৭ বছরে আমি নয়বার জেল খেটেছি, একাধিক মামলার আসামি হয়েছি এবং বিভিন্ন সময় হামলা-নির্যাতনের শিকার হয়েছি।
মান্নান লস্কর অভিযোগ করেন, সম্প্রতি আহাম্মদ উল্লাহর ছেলের পক্ষ থেকে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি দাবি পূরণ না করায় তার জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ক্ষতি করা হয়েছে এবং কলাগাছ নষ্ট করা হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন বলেও জানান।
তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতের শরণাপন্ন হয়েছি। ওই মামলা থেকে বাঁচতেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আহাম্মদ উল্লাহ বলেন, মান্নান লস্করের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি বরং দীর্ঘদিন ধরে তার পক্ষ থেকে হয়রানি, হামলা ও হুমকির শিকার হচ্ছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না