মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
গ্রীষ্মের শুরুতেই আগুনরাঙা কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়ে উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা। তপ্ত রোদ আর শুষ্ক আবহাওয়ার মধ্যেও উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ির আশপাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া গাছগুলো যেন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। দূর থেকে এসব গাছকে দেখলে মনে হয় সবুজের বুকে লাল আগুনের শিখা জ্বলে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, কৃষ্ণচূড়ার রক্তিম ফুলে ভরে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা জানান, গাছগুলো ফুলে ঢেকে যাওয়ায় প্রকৃতি এখন আরও বেশি আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে উঠেছে। শিক্ষার্থী, পথচারী, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে থেমে যাচ্ছেন। অনেকে মোবাইল ফোনে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন, আবার কেউ কেউ ফুলের নিচে দাঁড়িয়ে উপভোগ করছেন নৈসর্গিক দৃশ্য।
স্থানীয় ফুলপ্রেমীরা জানান, কৃষ্ণচূড়া ফুটলেই গ্রীষ্মের আগমন স্পষ্টভাবে অনুভূত হয়। এর উজ্জ্বল লাল রঙ মনকে প্রশান্তি দেয় এবং ব্যস্ত জীবনের মাঝে এক ধরনের স্বস্তি এনে দেয়। এলাকার শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও বলছেন, কৃষ্ণচূড়া শুধু একটি ফুল নয়, এটি প্রকৃতির সৌন্দর্য ও আবেগের প্রতীক।
রঙিন কৃষ্ণচূড়ায় সাজানো মতলব উত্তরের এ দৃশ্য এখন এলাকাবাসীর কাছে এক অপার সৌন্দর্যের উৎসবে পরিণত হয়েছে।
বালুরচর গ্রামের আবুল বাশার গাদ্দাফী বলেন, আমাদের এলাকায় কয়েকটি কৃষ্ণচূড়া গাছ আছে। এসব গাছে যখন ফুল ফুটে, তখন পুরো পরিবেশটাই যেন রঙিন হয়ে ওঠে। কৃষ্ণচূড়ার রঙিন এ দৃশ্য দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে শিশু ও তরুণ-তরুণীরা এই সময় গাছের নিচে ছবি তুলতে বেশি আগ্রহী হয়।
আরেক ফুলপ্রেমী জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল বলেন, কৃষ্ণচূড়া শুধু একটি ফুল নয়, এটি আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে। এই সময়টায় প্রকৃতির প্রতিটি কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে ভরে উঠেছে। চলতি পথে এ ফুল চোখ কেড়ে নেয়, ভরিয়ে দেয় মন। যেকোনো বয়সী মানুষই এই সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না