চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম খোকন (২২)। তিনি চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মোঃ ফারুক হোসেনের ছেলে। গত রোববার রাত ১০ টায় চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাসা থেকে বের হন খোকন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় খোকনের পরিবার গত শনিবার রাত ১০টার দিকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে রবিবার রাতে স্থানীয় এলাকাবাসী চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমানের বাড়ির পাশে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকনের লাশ শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয়দের ধারণা, পার্শ্ববর্তী আজাদ মিয়ার জমিতে খোকনকে হত্যা করার পর দুর্বৃত্তরা লাশটি টেনে এনে মাহবুবুর রহমানের বাড়ির পাশে ফেলে রেখে যায়। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজের পর রাতেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট শেষে বিস্তারিত বলা যাবে। এ মুহূর্তে তদন্ত চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না