ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা: চালক নিহত, স্ত্রী আহত
- আপডেট সময় : ০৫:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৩২

আফজাল হোসেন চাঁদ :
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের মেহগনি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত এবং গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। নিহত যুবকের পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত এমদাদুলের ছেলে ইফতেখার আহমেদ মিশাল (৩০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (০৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিশাল তার ব্যক্তিগত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) ও তার স্ত্রীকে সাথে নিয়ে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই মিশাল প্রাণ হারান এবং গাড়িতে থাকা তার স্ত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে মিশালের মরদেহ উদ্ধার করে এবং তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন হোসেন রাতেই ঘটনাস্থালে পৌছে নিহতের মরদেহ বর্তমানে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রেখে রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
























