চাটখিল পৌর শহরে লাইসেন্স ছাড়া অটোরিক্সা চলতে দেওয়া হবে না : মিজানুর রহমান
- আপডেট সময় : ০৭:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২৭

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান বলেছেন চাটখিল পৌর শহরের যানজট নিরসনে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লাইসেন্স বিহীন কোন অটোরিক্সা চলতে দেওয়া হবে না। তিনি আরো বলেন প্রত্যেক অটোরিক্সা চালককে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। গতকাল বুধবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শাহাদাত হোসেন, চাটখিল উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শাজাহান রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন প্রমূখ।
চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত বলেন, চাটখিল পৌর শহরে পৌরসভার নির্দেশনা না মেনে যত্রতত্র নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়াও নতুন ভবনের নিরাপত্তা ব্যবস্থা না করে ভবন নির্মাণ করার কারণে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
















