সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে দশ জন গ্রেপ্তার, উদ্ধার ৫৮০ পুরিয়া হেরোইন
- আপডেট সময় : ০৭:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১৬১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ পুরিয়া হেরোইন ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন মাদক কারবারি এবং বাকি ৩ জন ডাকাতি ও চুরির অভিযোগে অভিযুক্ত।
সোমবার (২৩ মার্চ) রাতভর সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গ্রেপ্তারকৃতরা হলেন, খোরশেদ (৫০), শামীম (৩৪), রিয়াজ (২৭), মাসুম (৩৮), কাকন (৩৮), আনোয়ার হোসেন কুট্টি (৪৫), লিমন (২৪), আবু তাহের (২৮), বিল্লাল হোসেন (৪০) ও হাকিম মিয়া (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ডাকাতি ও চুরির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



























