মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর টরকী মোল্লাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে হঠাৎ বিকট শব্দে ঘরের ভেতর আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ ঘরের কাছে যেতে পারেনি। অল্প সময়ের মধ্যেই পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ঘরের ভেতরে থাকা তিনটি খাট, আলমারি, ওয়ারড্রব ও স্টিলের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়, যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। আগুন লাগার সময় ঘরটি তালাবদ্ধ ছিল এবং ভেতর থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘরের মালিক রবিন মোল্লা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
ক্ষতিগ্রস্ত রবিন মোল্লা বলেন, আমি ঢাকায় ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি আমার ঘরে আগুন লেগেছে। এসে দেখি সব শেষ হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারিনি। এখন আমি নিঃস্ব।
ঘটনার পর সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না