মতলব উত্তরে সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান হতে চান জাহাঙ্গীর আলম মামুন, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
- আপডেট সময় : ০৮:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম মামুন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন এবং ইউনিয়নবাসীর কাছে সমর্থন কামনা করেন।
ঘোষণায় তিনি বলেন, নতুন সরকার খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানিয়েছে। সেই নির্বাচনে জনগণের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। নির্বাচিত হলে সুলতানাবাদ ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, নিরাপদ ও উন্নয়নের মডেল ইউনিয়নে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তার ঘোষিত অঙ্গীকারে তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সব নাগরিক সেবা সবার জন্য বিনামূল্যে নিশ্চিত করা হবে এবং সব স্তরে ইনসাফভিত্তিক বিচার ব্যবস্থা চালু করা হবে। বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করে দালাল ও দুর্নীতিমুক্ত পরিষদ গঠন করা হবে। তিনি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি দ্রুত সেবা ও খোলা দরজা নীতির মাধ্যমে সর্বদা জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া রাস্তা-ঘাট, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব এবং প্রতিটি শিশুর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার মাঠ স্থাপন এবং অসহায় ও দরিদ্র মানুষের আস্থার ঠিকানা হিসেবে ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মো. জাহাঙ্গীর আলম মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (অনার্স) ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মতলব উত্তর উপজেলা কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা।
তিনি আরও জানান, চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন-এর দিকনির্দেশনা ও সহযোগিতায় এলাকার উন্নয়ন কার্যক্রম জোরদার করার আশা করছেন।
শেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে জনগণের চেয়ারম্যান হয়ে সব সময় তাদের পাশে থাকব।


























