মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার ট্রেড ইন্সট্রাক্টর (ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন) মোহাম্মদ আবুল কাশেমকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ বরখাস্তাদেশ দেওয়া হয়।
মতলব উত্তর থানা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মতলব উত্তর থানা পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মদ বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। প্রতিষ্ঠানটির সুনাম রক্ষায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিকতা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আপাতত তাকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বরখাস্ত সংক্রান্ত রেজুলেশনের কপি সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না