মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে ৭টি বেহুন্দী ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
- আপডেট সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৩

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধ ও মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরচর, চর উমেদ ও মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপিত ৭টি বেহুন্দী জাল ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. রুহুল আমিন।
অভিযান শেষে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, অবৈধ বেহুন্দী ও কারেন্ট জাল ব্যবহার মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জাল দিয়ে নির্বিচারে পোনা ও জাটকা নিধন করা হচ্ছে, যা মৎস্য উৎপাদন ও নদীর জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের বিশেষ কম্বিং অপারেশন নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, জাটকা সংরক্ষণ ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


























