কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কর্মকর্তা-কর্মচারীর বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩০

মোঃ রাছেল, কচুয়া :
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ পাঁচজন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা ও আরএমও ডা. মোঃ জাহিদ হোসাইনের সঞ্চালনায় বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নানা স্মৃতি চারণ করেন এবং জনস্বাস্থ্যে তাঁদের নিবেদিত সেবার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সংবর্ধিত বিদায়ী অতিথিবৃন্দরা তাঁরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. মো. রেজাউল করিম জিগাউরী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক যদু ভূষণ মজুমদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাছিনা মজুমদার, স্বাস্থ্য সহকারী মো. জুলহাস মিয়া এবং কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মো. আবু ইউসুফ।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, সরকারি চাকুরিতে অবসর একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের বিদায় দেওয়া অত্যন্ত কষ্টের। ডা. রেজাউল করিমসহ আজ যারা বিদায় নিচ্ছেন, তাঁরা প্রত্যেকেই কচুয়াবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন। তাঁদের সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে সহকর্মীরা তাঁদের সাথে কাটানো দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। বিদায়ী অতিথিরাও তাঁদের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দীর্ঘ কর্মজীবনে সবার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. এ এইচ এম ফেদৌস নুর,
জুনিয়র কনসালটেন্ট ( কার্ডিও) ড. মোঃ হুমায়ন কবির, সহকারি সার্জন ড. ফাহিম রায়হান ও ড. তাছনুবা মরিয়ম সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পাঁচজন বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।


























