চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের বিদেশ ফেরত নুর আলম গরুর খামার করার জন্য নিয়ম মেনে কৃষি ব্যাংকে আবেদন করলে ব্যাংক ম্যানেজার তাকে ঋণ না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী গরুর খামারি নুর আলম গত সোমবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নুর আলম গত ১৫ মাস আগে প্রবাস থেকে বাড়িতে এসে বেকার হয়ে পড়ে। এ সময় তিনি নিজের কর্মসংস্থানের জন্য একটি গরুর খামার করার পরিকল্পনা নেন। পরিকল্পনা মোতাবেক তিনি ৩১ ফুট লম্বা একটি খামার ঘর তৈরি করেন এবং সেখানে দুইটি গরু কিনে তার খামারের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আরও গরু কেনার জন্য প্রায় এক মাস আগে চাটখিল কৃষি ব্যাংকে ৫ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ম্যানেজার তাকে দলিল, খতিয়ান, খাজনার রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দেওয়ার পরেও ব্যাংক ম্যানেজার বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে ঋণ দিচ্ছে না। এতে করে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরুপায় হয়ে তিনি গত সোমবার বিকেলে ঋণ পাওয়ার সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাকে ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তার কাছে আবেদন করার জন্য পরামর্শ দেন।
এরপর খামারি নুর আলম গত সোমবার বিকেলে তার অভিযোগের কপি নিয়ে চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদেরকে বিষয়টি অবগত করেন এবং তিনি ঋণ পাওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে ঊর্ধ্বতন ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এই ব্যাপারে কৃষি ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার আবুল কাশেম এর সাথে যোগাযোগ করলে তিনি প্রয়োজনীয় সকল কাগজপত্র এখনো জমা না হওয়ায় ঋণ দেওয়া সম্ভব হয়নি বলে জানান। তবে তিনি নুর আলমকে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং তিনি যেন ঋণ পেতে পারেন সেই ব্যাপারে সহযোগিতারও আশ^াস দিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না