মতলব উত্তরে তরুণীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন; রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০২:৫২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন-এর শিবপুর গ্রামে বেরিবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই টিম এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিহতের পরিচয় শনাক্ত করে।
নিহত তরুণীর নাম শাকিল আক্তার (২৬)। তিনি মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি বেপারি বাড়ির বাসিন্দা। তার বাবা আব্দুস সাত্তার জানান, তার মেয়ে নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পরদিন তার মরদেহ পাওয়ার খবর পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইতোমধ্যে বিষয়টি জিডি মূলে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























