পূবাইলে স্যানিটারি মিস্ত্রির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
- আপডেট সময় : ১২:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৫

রবিউল আলম:
গাজীপুর মহানগরীর পূবাইলে গিজারের লাইন সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) পূবাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া (২৪) নগরীর পূবাইল থানাধীন খিলগাঁও কলেজ গেট এলাকার বাসিন্দা।তার পিতার নাম মো. আনোয়ার হোসেন।
তিনি স্থানীয়ভাবে স্যানিটারি কাজ করতেন। বছর খানেক আগে বিয়ে করেন সবুজ; তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববারও সবুজ পূবাইল ব্যাপাড়ি পাড়ার (হাজী বাড়ি) মৃত চান মিয়ার ছেলে রানার বাড়িতে গিজারের লাইন সংযোগের কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে পূবাইল থানার সেকেন্ড অফিসার নাজমুল হক বলেন,আমরা জানতে পেরেছি, গিজারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদি এটি বিদ্যুৎস্পৃষ্টজনিত স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে নিশ্চিত হয় এবং পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়, তাহলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা যেতে পারে। তবে মৃত্যুর বিষয়ে কোনো সন্দেহ দেখা দিলে ময়নাতদন্ত করা হবে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যের এমন অকাল মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন।



























