আল-আমিন ভূঁইয়া:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তুলার গোডাউন ও বাসাবাড়ি। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন, শিক্ষার্থী সঙ্গীতা সরকার(১৬),অন্তরা সরকার(১৫), রনি হাসান (১৩), শিক্ষক এএস পলাশ(৩৫),ব্যবসায়ী লক্ষ্মণ(৩৬)। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের বাসাবাড়ির গ্রিল কেটে উদ্ধার করেছে স্থানীয়রা। মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারের কাঠ বাজার এলাকার এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থরা জানান, মতলব বাজারে তুলার গোডাউনের ভাড়াটিয়া ব্যবসায়ী রতন সাহার গোডাউনে থাকা ১০ লক্ষাধিক টাকার মালামাল ও দো-তলার বাসার ভাড়াটিয়া শিক্ষক পলাশের টিভি, ফ্রিজ, কম্পিউটার, এসিসহ প্রায় ১৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে দোতলার বাসা থেকে শিক্ষার্থীদের ডাক চিৎকার শুনে পাশের বাড়ী ও দোকানের লোকজন এগিয়ে আসে। স্থানীয় বাসিন্দা ও মতলব বাজারের ব্যবসায়ী মোতালেব মিয়াজী, আপেল, মাহিন, তানভীরসহ বেশ কয়েকজনের সহযোগিতায় আগুনে অবরুদ্ধ দোতলা বাসা থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের গ্রিল কেটে উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল আলম লিমন প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। শিক্ষার্থী অন্তরার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় একাধিক উদ্ধরকারীরা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। দ্বিতীয় তলার ফ্লোর কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দোতলায় শিক্ষকের বাসায় পড়তে আসা আগত শিক্ষার্থীদের তাৎক্ষনিকভাবে জানালার গ্রিল কেটে এলাকাবাসী উদ্ধার না করলে বড় ধরনের হতাহতের সম্ভাবনা ছিলো।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রতন সাহা জানান, আমার দোকান ও গোডাউন মালামালে ছিল ভরপুর। ১০-১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকান ও গোডাউনের মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি।
আহত শিক্ষক এ.এস পলাশ বলেন, আমি সকাল নয়টার দিকে শিক্ষার্থী পড়াতে ছিলাম। আমার বাসার নিচের তলায় আগুন লেগেছে। আমিসহ শিক্ষার্থীরা দোতলা থেকে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু আগুনের লেলিহান শিখা দিয়ে বের হতে পারি নাই। ধাঁও ধাঁও করে আগুন নিচতলা থেকে দোতলায় আমার বাসায় উঠে পড়ে। ইশ্বরের অশেষ কৃপায় মরনের পথ থেকে শিক্ষার্থীসহ আমি বেঁচে আসছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। নিচ তলার গোডাউন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়- ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।
এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মতলব বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সরকারের কাছে চেয়েছেন সহযোগিতা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না