মমিনুল ইসলাম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রচার প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে এবং ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে সব ভোটকেন্দ্র। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী। প্রশাসনের তত্ত্বাবধানে এসব সরঞ্জাম নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে, চাঁদপুর–২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫০০ জন, নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। মোট ১৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে মতলব উত্তরে রয়েছে ৯৮টি এবং মতলব দক্ষিণে ৫৭টি কেন্দ্র।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই আসনের ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মতলব উত্তরে ১৪টি এবং মতলব দক্ষিণে ৮টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক প্রতীক) গোলাফ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বর্তমানে মাঠে সক্রিয় প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির ড. মোহাম্মদ জালাল উদ্দিন (ধানের শীষ), ১১ দলীয় জোট ও এলডিপির প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি (ছাতা), ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মনসুর আহমেদ সাকি (হাতপাখা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির সাংবাদিক ফয়জুন্নুর আখন (হাতী)।
ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে প্রচার শেষ হওয়ায় ভোটারদের মধ্যে চলছে চূড়ান্ত হিসাব নিকাশ। স্থানীয়রা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সব মিলিয়ে চাঁদপুর–২ আসনে ভোটের দিন ঘিরে উৎসবমুখর আবহ বিরাজ করছে এবং ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় ভোটগ্রহণ হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না