প্রতিদিনের নিউজ :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে।
বুধবার,১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে যায়।
আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন হাবীবুর রহমান। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ওপর পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ছিল। ভেতরে এক হাজার টাকা নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার পরিমাণ ২ লাখ টাকা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠান। ইউএনও আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাকে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা হয়নি। বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী দেখবেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, খবরটি এখনই শুনলাম। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না