প্রতিদিনের বিনোদন :
প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সেখানে তাকে কেন্দ্র করেই নির্মাতা সৈয়দ আর ইমন নির্মাণ করেন সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত কোনো দেশেই হল না পাওয়ায় হতাশ নির্মাতা ইউটিউবেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
নির্মাতা সৈয়দ আর ইমন জানান, ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি ছিল। কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে রিলিজ আটকে যায়। এরপর নানা জটিলতায় যুক্তরাষ্ট্রেও হল পাওয়া সম্ভব হয়নি। সামনে রোজা শুরু হওয়ায় স্পনসররাও আর অপেক্ষা করতে চাননি।
সবকিছু বিবেচনায় নিয়ে সিনেমাটি হলে না দিয়ে সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের একাধিক পরিবেশকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোথাও থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ফলে ঈদের আগেই ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।
‘অর্ধাঙ্গিনী’ মূলত সময়ের সঙ্গে বদলে যাওয়া মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধের গল্প। নির্মাতার ভাষ্য, আধুনিক জীবনে মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, এই বাস্তবতা থেকেই সিনেমাটির গল্প ভাবনা এসেছে।
সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। তীব্র শীতের মধ্যেই শুটিং সম্পন্ন করতে হয়েছে। নির্মাতা জানান, মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাহাড়ের ওপর শাড়ি পরে টানা আট ঘণ্টা শুটিং করেছেন মৌসুমী। যা পুরো টিমের কাছেই ছিল চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।
প্রথমে টেলিফিল্ম হিসেবে ‘অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নিয়ে নতুন করে সম্পাদনা ও সংযোজন করা হয়। বর্তমানে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ ঘণ্টা ৫৬ মিনিট।
মৌসুমী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না