প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের নীলা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার,১১ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত পাঁচটি দোকান আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহায়তা করে।
তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না