সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমার পুজি হচ্ছেন আপনারা আর ভরসা করি আল্লাহর। আর তার (বিএনপি প্রার্থী-আজহারুল ইসলাম মান্নান) পুজি হচ্ছে অর্থের। সে (বিএনপি প্রার্থী) সবেমাত্র অনেক কষ্টে স্বাক্ষর করা শিখেছেন। স্কুলে কোনদিন গিয়েছেন কিনা জানিনা। আমি জানি অল্প কিছুদিন হয়েছে টিপসই থেকে স্বাক্ষর করা লিখেছেন। সে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি থেকে মনোনয়ন পেল। এর মাহিত্বটা কি? মানুষ বলে টাকার জোরে। টাকার জোরে মনোনয়ন, আর আমার হলো জনগণের শক্তির মধ্যে নির্বাচন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের নির্বচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, তিনি এ এলাকার কারো পরিচিত কিনা আমি জানিনা। যাকে কেউ কখনো দেখেছে কিনা আমি জানিনা। সে এখন এসেছে নির্বাচনে ভোট চাইতে। অনেক মধুর মধুর কথা বলে ভোট চাইবে, অনেক স্বপ্ন দেখাবে, অনেক প্রতিশ্রুতি দিবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাদের কাউকেই খুজে পাবেন না।
গিয়াসউদ্দিন বলেন, ‘যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজী করে; ৫ তারিখের পরে তারা অল্পদিনের মধ্যে বাড়ি-গাড়ি করে ফেলেছে। তারাই আসবে ধানের শীষের জন্য। কারণ ধানের শীষ পাস করলে এ লুটপাটের ব্যবসা আরো বাড়াতে পারবে। এতে আপনাদের কোন লাভ হবে না। বরং এরা যত টাকা-পয়সার মালিক ও বিত্তবান হবে; তারা ততবেশি অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম করে এই এলাকার মানুষকে জিম্মি করে রাখবে। ভোট আমাকে দেন বা না দেন, এ মানুষগুলোকে চেনার জন্য কথাগুলো বলে যাচ্ছি। তারা আপনাদের ভোট কিনতে পারবে না কোটি টাকা দিয়েও। যেহেতু আপনারা টাকা খাবেন না, আপনাদের মাথা বিক্রি করার জন্য যারা ঠিকাদারী নিয়েছে তাদের কথায় ভোট দিয়েন না। মাটিকে ভোট দিবেন, মাটির সন্তানকে ভোট দিবেন।
নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর তত্ত্বাবধানে এ সময় আরে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা, নাসিক ৭নং ওয়ার্ড কৃষকদলের সাবেক সভাপতি সাগর বাবু প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না