মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মতলব উত্তর থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, অনলাইন প্রতারক চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫), মো. নজরুল ইসলাম নজু (৫৭), মো. আল আমিন রিফাত (৩০) এবং রাব্বি হোসেন জাবেদ (২৪)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নোয়াখালীর কবিরহাট থানার বাসিন্দা জহিরুল ইসলাম নামের এক যুবক গত ১১ জানুয়ারি মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অনলাইনে হেদায়েত উল্লাহ ওরফে মনির নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে সখ্যতা গড়ে উঠলে তাকে ফার্নিচার ব্যবসায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখানো হয়।
প্রতারক চক্রটি নগদ অ্যাকাউন্ট ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধাপে জহিরুল ইসলামের কাছ থেকে মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর একপর্যায়ে প্রতারকরা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু করা হয়।
এসআই মো. রেজাউল করিম ও এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে মতলব উত্তর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ আরও দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, অনলাইন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুরো নেটওয়ার্ক ধ্বংস না করা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলবে বলেও তিনি জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না