মমিনুল ইসলাম:
ঢাকার সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫ এ থাকা সহস্রাধিক যাত্রী। বৃহস্পতিবার গভীর রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে।
হঠাৎ বিকট শব্দে লঞ্চে থাকা যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে পাশের তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল। দৃশ্যমানতা কম থাকায় রুট নির্ধারণে সমস্যা দেখা দিলে সামনে থাকা বাল্কহেডটি নজরে না আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
মেঘনায় শীতের রাতে কুয়াশা ঘন হওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে নৌযান চালকদের সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, সংঘর্ষের খবর জানার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। পরে বিকল্প লঞ্চ ইমাম হাসান-২, স্পিডবোট ও সড়কপথে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনাসংশ্লিষ্ট বাল্কহেড ও লঞ্চ সংক্রান্তে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না