মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে ফতেপুর গ্রামে ৯০ বছর বয়সী বৃদ্ধ আবদুর রব প্রধানকে তারই আপন পুত্র, নাতি ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা পিটিয়ে জখম করেছে।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে স্থানীয় সালিশ বৈঠকের সময় এই হামলার ঘটনা ঘটে। পরে আহত বৃদ্ধ ও দুই সাক্ষীকে স্থানীয়রা উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ছেলে মোকশেদ আলী ও নাতি জাকারিয়া হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় আবদুর রব প্রধান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, তার আপন পুত্র মোকশেদ আলী, পুত্রবধূ সুফিয়া বেগম, নাতি শরীফ হোসেন, জাকারিয়া হোসেনসহ মোট ৮জন এবং অজ্ঞাত আরও ২/৩ জন দীর্ঘদিন ধরে তার ভরণপোষণ না দিয়ে তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। অভিযোগে বলা হয়, এসব বিষয়ে প্রশ্ন করলে তারা বৃদ্ধকে নিয়মিত অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিত।
আরো জানা যায়, গত ১৪ নভেম্বর সালিশ বৈঠক চলাকালীন সময়ে ছেলে, নাতি ও ঘনিষ্ঠ আত্মীয়রা পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড, ছেনা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে বৃদ্ধের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে বৃদ্ধকে বিভিন্ন স্থানে জখম করে। বৃদ্ধের গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে এবং ধারালো ছেনা দিয়ে কোপ দেয়, যা তার ডান হাতে গভীর রক্তাক্ত জখমের কারণ হয়।
বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে আসা সোহাগ হোসেন (৩২) ও রোকসানা আক্তারকেও মারধর করা হয়। তাদের হাত-পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। একজন ৯০ বছর বয়সী বৃদ্ধের ওপর হামলার অভিযোগকে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ছেলে মোকশেদ আলী ও নাতি জাকারিয়া হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না