প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোর ৬ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) একটি মিনিবাসে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসের সিট, গ্লাস ও ভেতরের অংশ পুড়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাফ নামক মিনিবাসটি গতকাল রাত আনুমানিক ১০ টার সময় চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সড়ক ও জনপদ অফিসের সামনে পার্কিং করে চলে যায়। আজ সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, বাবু নামে এক নৈশ প্রহরীর সাথে কথা বলে জানতে পারি যে, সে ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ফিরে এসে দেখে গাড়িতে আগুন জ্বলছে, সিট, গ্লাস এগুলা পুড়ে গেছে। তবে সে কোনো লোকজন দেখেনি। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, কিভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না