
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক ইউনিয়ন সভাপতির হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির জেলা শাখা বুধবার (০১ জুলাই) এই কর্মসূচির আয়োজন করে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্যামনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় এক হাজার নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুর রহিম।
আব্দুর রহিম বলেন, গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। তিনি প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সভাপতি জুবায়ের হোসেন বলেন, ছাত্রশিবির শান্তিপূর্ণ সংগঠন, তবে সাইফুল্লাহ বারীর হত্যার বিচার না হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশে জেলা ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail