মতলব প্রতিনিধি:
চাঁদপুরে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্সের আবেদন ছাড়াই কেক-বিস্কুট উৎপাদন ও বাজারজাত করায় একটি বেকারি মালিমকে ৫০ হাজার টাকা এবং পরিমাপে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার ও অকটেনে ৪১০ মিলিলিটার কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই দিন সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই আইন ও ওজন এবং পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে জানানো হয়, চাঁদপুর সদরের মায়ের দোয়া বেকারি বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স গ্রহণের আবেদন না করেই কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, বাবুরহাট এলাকার শারমিন ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন সরবরাহের পরিমাপ যাচাই করে অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির একটি ডিজেল ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার জ্বালানি সরবরাহে যথাক্রমে ৩৪০ মিলিলিটার ও ৪১০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।
জনস্বার্থে মানহীন পণ্য উৎপাদন ও বিক্রয় এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে জানানো হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail