কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, অননুমোদিতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং মহাসড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে পৃথক তিনটি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির। অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা ও কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কাদলা ইউনিয়নের দোঘর এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে দুইজন গ্রাম্য চিকিৎসককে অননুমোদিতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, কচুয়া-সাচার মহাসড়কে বালু ফেলে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পাওয়া তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয় এবং প্রায় ৩০০ মিটার সঞ্চালন পাইপ ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail