মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের জালনোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জালনোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চালায় পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর গ্রামের মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাতে মতলব উত্তর উপজেলার বোরচর এলাকার চর উমেদ বাজারে জালনোটসহ ওই স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের এখলাছপুর লঞ্চঘাট এলাকায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জালনোটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান শুরু করে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মো. ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশের দাবি, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে গ্রেপ্তারকৃতদের বসতঘরে অভিযান চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ১৬টি জালনোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালনোটের মোট মূল্য ১৬ হাজার টাকা।পুলিশ জানায়, জালনোটের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, জালনোটসহ গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। জালনোটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail