মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে অপরাধী আটকের নামে এক প্রবীণ ব্যক্তিকে মারধর, অপমান ও জনসমক্ষে হেনস্তার ঘটনায় মব সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস মুজাহিদুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দেওয়া আদেশে ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, ‘weeklyhajigonj’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ও ছবিতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে একটি মুদিদোকানে থাকা এক প্রবীণ ব্যক্তিকে কয়েকজন তরুণ চড়-থাপ্পড় ও মারধর করছেন বলে দেখা যায়। ভিডিওতে এক তরুণের হাতে ইয়াবা সদৃশ বস্তু এবং পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানানোর দৃশ্যও রয়েছে।
আদেশে ভিডিওর কথোপকথনের ভিত্তিতে ওই প্রবীণ ব্যক্তিকে হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম কাজী বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কোনো প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলেও আদালতের আদেশে উল্লেখ করা হয়।
আদালত বলেছে, মাদক-সংক্রান্ত অপরাধে কাউকে তল্লাশি বা আটক করার ক্ষমতা ব্যক্তিগত নাগরিকদের নেই। ভিডিওতে প্রবীণ ব্যক্তির দোকানে বেআইনি প্রবেশ, মারধর ও হুমকির ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধের বিষয়টি সামনে এসেছে।
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে হামলাকারী ও অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিস্তারিত ঠিকানা এবং সাক্ষীদের তালিকা দিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময়ের মধ্যে ওই প্রবীণ ব্যক্তির কাছ থেকে কথিত মাদক উদ্ধারের ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানাতে হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নানকেও নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত তার আদেশে উল্লেখ করেছে, সন্দেহভাজন কাউকে বেআইনিভাবে আটক করে মারধর করা মব কালচারের বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ড নাগরিকের মৌলিক অধিকার ও আইনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail