মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুরে মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ নওগাঁও এলাকায় ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টা ৩০ মিনিটে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করেন। আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক গোলযোগ উল্লেখ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার অংশ নেন। ঘটনাস্থলে যেতে ফায়ার সার্ভিসের গাড়িকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail